যশোরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা ছাত্রলীগের সহ-অর্থ সম্পাদক হাফিজুর রহমান ওরফে হাফিজকে (২৮) গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি হেফাজতে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় শহরের খড়কি এলাকার বামনপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হাফিজ খড়কি এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন। অস্ত্র নিয়ে তিনি (হাফিজ) মহড়া দিচ্ছেন—এমন খবরের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের দাবি, এ সময় তিনি (হাফিজ) পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়েন। জবাবে পুলিশও গুলি চালায়। এ সময় পুলিশের ছোড়া একটি গুলি হাফিজের বাম পায়ে বিদ্ধ হয়।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, হাফিজ অস্ত্র নিয়ে খড়কি এলাকায় মহড়া দিচ্ছিলেন। তাঁকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে তিনি গুলি ও বোমা হামলা চালান। আত্মরক্ষার জন্য পুলিশ চারটি গুলি ছোড়ে। একটি গুলি তাঁর বাম পায়ে বিদ্ধ হয়েছে। তাঁর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।