যশোরে গুলিবিদ্ধ যুবলীগকর্মীর মৃত্যু
গুলিবিদ্ধ হওয়ার দুই মাস পর যশোর জেলা যুবলীগের কর্মী শাকিল আহমেদ ওরফে ভেড়া শাকিল (২৯) মারা গেছেন। গত বুধবার চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। শাকিলের বাড়ি শহরের বেজপাড়া এলাকায়।শাকিলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রায় দুই মাস আগে তাঁকে নিজ বাড়ির সামনে কয়েকজন সন্ত্রাসী গুলি করে। প্রথমে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকায় নিয়ে চিকিৎসা করা হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কয়েক দিন আগে তাঁকে যশোরে নিজ বাড়িতে আনা হয়। তবে ক্ষতস্থানে পচন শুরু হলে তাঁকে গত মঙ্গলবার যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার আবার তাঁকে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ফরিদপুরের কাছাকাছি আসার পর পথেই শাকিল মারা যান।শাকিল গুলিবিদ্ধ হওয়ার পর বেজপাড়া এলাকার খায়ের, খোরশেদ, হীরাসহ পাঁচজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। অভিযুক্তদের মধ্যে খোরশেদ ছাড়া সবাই জামিনে রয়েছেন বলে জানা গেছে।যশোর কোতোয়ালি থানার এসআই মুস্তাফিজুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাঁকে গুলি করেছিল।