যশোরে গৃহবধূ এসিড-সন্ত্রাসের শিকার
যশোর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে গত সোমবার রাতে সাবিনা ইয়াসমিন (২০) নামের এক গৃহবধূকে এসিডে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা। সাবিনার বাবার অভিযোগ, নারী নির্যাতনবিরোধী আইনে মামলা করায় সাবিনার স্বামীই তাঁর সহযোগীদের নিয়ে এসিড ছুড়েছেন।সাবিনার বাবা আফিল উদ্দীন জানান, প্রায় এক বছর আগে রামকৃষ্ণপুর গ্রামের বাবর আলীর ছেলে মিন্টু হোসেনের সঙ্গে সাবিনার বিয়ে হয়। বিয়েতে মিন্টুকে নগদ ৩০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। বিয়ের দুই মাস পর বিদেশে যাওয়ার জন্য মিন্টু ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় সাবিনাকে প্রায়ই মারধর করতেন মিন্টু। মাস দুয়েক আগে মিন্টুকে আসামি করে নারী নির্যাতনবিরোধী আইনে মামলা করা হয়। মামলার পর থেকে তাঁদের (বাবা-মা) বাড়িতেই থাকতেন সাবিনা। আফিল উদ্দীনের অভিযোগ, গত সোমবার রাতে সাবিনা নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় মিন্টু তাঁর সহযোগীদের নিয়ে জানালা দিয়ে এসিড নিক্ষেপ করেন। এতে সাবিনার মুখ, গলা ও বুক ঝলসে যায়। তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ গত মঙ্গলবার সন্ধ্যায় জানান, মামলার প্রস্তুতি চলছে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।