যশোরে গৃহবধূ বিজলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূ বিজলী হত্যার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে যশোর শহরের বকচর এলাকায় এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিজলীর স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি থেকে বিজলীর মা মিনি বেগম সাংবাদিকদের জানান, বিজলী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। যৌতুকের এক লাখ টাকা দিতে না পারায় বিজলীর স্বামী মুর্শিদের নেতৃত্বে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পরে লাশ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। তাঁরা এ হত্যার বিচার দাবি করেন।    

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক প্রথম আলোকে বলেন, বিজলী আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে, সেটি ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত বলা যাবে না। প্রতিবেদন আসতে আরও দু-একদিন সময় লাগবে বলে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ আগস্ট সকালে যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামের নিজ বাড়ির সিলিং ফ্যান থেকে পুলিশ বিজলীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।  

বছর তিনেক আগে বিরামপুর গ্রামের ইটভাটাপাড়ার মো. মুর্শিদের সঙ্গে একই গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে বিজলী খাতুনের বিয়ে হয়। বর্তমানে বিজলীর পরিবারের লোকজন বকচর এলাকায় ভাড়া করা বাড়িতে থাকেন।