যশোরে গৃহবধূর গলিত লাশ উদ্ধার
যশোর শহরের বেজপাড়া এলাকার একটি বাড়ির খাটের নিচ থেকে সুবর্ণা (২২) নামের এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে কোতোয়ালি থানার উপপরিদর্শক ফারুক হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এজাহারে নিহত গৃহবধূর স্বামী হরিশংকরকে সন্দেহজনক আসামি করা হয়েছে। হরিশংকরের বাড়ি খুলনার দাকোপ উপজেলার গুনারি গ্রামে। তিনি ব্যাংক এশিয়ার যশোর শাখায় প্রহরীর দায়িত্ব পালন করছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, হরিশংকর দম্পতি বেজপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে থাকত। গত ২২ মে ঘরের দরজায় তালা দিয়ে হরিশংকর বেরিয়ে যান। সেই থেকে তিনি আর ঘরে ফেরেননি। গতকাল সকালে ওই তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘরের তালা ভেঙে সুবর্ণার গলিত লাশ উদ্ধার করে। লাশের মুখে কাপড় গোঁজা ছিল। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুবর্ণাকে শ্বাসরোধ করে হত্যার পর হরিশংকর লাশ ফেলে পালিয়ে গেছেন। এ বিষয়ে তথ্য-প্রমাণও পাওয়া গেছে। দাকোপ থানার পুলিশকে এ ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে। অপরাধীকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ব্যাংক এশিয়ার যশোর শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, ২২ মে থেকে হরিশংকর কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।