যশোরে গ্রুপ থিয়েটারের জাতীয় সম্মেলন শুরু
সারা দেশের এক হাজার নাট্যকর্মীর পদচারণে মুখর মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত যশোর শহর ও সাগরদাঁড়ি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিতে তাঁরা যশোরে এসেছেন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের পৌর উদ্যানে বর্ণাঢ্য আয়োজনে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি হারুন অর রশিদ, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন ফেডারেশনের মহাসচিব ঝুনা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ২১তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ দুলাল ও সম্মেলন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সানোয়ার আলম খান।