যশোরে গ্রেপ্তারের পর দুই ব্যক্তি গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের সদর ও মনিরামপুর উপজেলায় গত মঙ্গলবার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, ওই দুই ব্যক্তির দেওয়া তথ্যমতে অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ গুলি চালায়। এতে তাঁরা গুলিবিদ্ধ হন। তাঁদের কাছ থেকে দুটি অস্ত্র ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন: সদর উপজেলার কচুয়া গ্রামের মো. মজনু (৩৫) ও মনিরামপুরের আমিনপুর গ্রামের রফিকুল ইসলাম (৩০)। দুজনকেই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, মঙ্গলবার রাতে সদর উপজেলার রূপদিয়া এলাকার এক আত্মীয়র বাসা থেকে মজনুকে আটক করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যমতে রাত ১০টার দিকে পুলিশ তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য রামনগর গ্রামের একটি ইটভাটার পাশে যায়। এ সময় মজনুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। পরে পুলিশ গুলি চালালে একটি গুলি মজনুর পায়ে লাগে। তাঁর সহযোগীরা পালিয়ে গেলে সেখান থেকে একটি বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ প্রথম আলোকে জানান, মজনুর বিরুদ্ধে খুন, ডাকাতিসহ তিনটি মামলা আছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এনামুল হক জানান, রফিকুলের বিরুদ্ধে মনিরামপুর ও কেশবপুর থানায় পাঁচটি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে সুন্দলপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে তাঁকে প্রথমে মনিরামপুর থানায় নেওয়া হয়। স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য তাঁকে নিয়ে যশোর-সাতক্ষীরা সড়কের পাশে আগরহাটি গ্রামের একটি ইটের ভাটায় নেওয়া হয়। সেখানে থাকা একটি বন্দুক নিয়ে পালানোর চেষ্টা করেন রফিকুল। এ সময় পুলিশ গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হন।

হাসপাতালে রফিকুল জানান, রাত নয়টার দিকে পুলিশ তাঁকে মনিরামপুর থানায় নিয়ে যায়। তিনি অভিযোগ করেন, পুলিশ তাঁর চোখ বেঁধে থানা থেকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে পায়ে গুলি করে। পুলিশ নিজেরা অস্ত্র দিয়ে তাঁকে ফাঁসিয়ে দিচ্ছে।