যশোরে চামড়ার বাজার জমজমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম যশোরের রাজারহাটে গতকাল শনিবার প্রথম দিনে জমজমাট বাণিজ্য হয়েছে। এদিন মোকামে প্রায় ২৫ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা গেছে।

ট্যানারি শিল্পের মালিকেরা শিগগিরই চামড়া কেনা শুরু না করলে সীমান্ত দিয়ে চোরাই পথে এসব কাঁচা চামড়া ভারতে পাচার হতে পারে বলে আশঙ্কা করছেন চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা।

সরেজমিনে মোকামে দেখা যায়, চামড়ার বাজারে পাইকারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে দর-কষাকষি চলছে। প্রতি বর্গফুট গরুর চামড়া ৬০ থেকে ৯৫ টাকা এবং ছাগলের ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ফুট মেপে বেচাবিক্রির চেয়ে আস্ত চামড়া বেচাবিক্রির ঝোঁক একটু বেশি। প্রতিটি গরুর চামড়া এক হাজার ৬০০ থেকে দুই হাজার ৫০০ টাকা এবং ছাগল ২০০ থেকে ৩৫০ টাকা দরে বেচাবিক্রি হয়েছে।

নড়াইলের কালিয়া উপজেলার চামড়া ব্যবসায়ী কৃষ্ণপদ অধিকারী জানান, তাঁরা ছয়জন মিলে ১৩৭টি গরুর চামড়া এ মোকামে আনেন। এর মধ্যে ছোট-বড় মিলিয়ে এক হাজার ৯০০ টাকা দরে ৯৭টি চামড়া বিক্রি হয়েছে। অন্যগুলো বিক্রির অপেক্ষায় রয়েছে।

বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল রাজারহাট মোকামে ২৫ কোটি টাকার চামড়া বেচাকেনা হয়েছে।

এদিন মোকামে অন্তত এক লাখ গরু ও দুই লাখ ছাগলের চামড়া বেচাকেনা হয়। গরুর চামড়া প্রতিটি দুই হাজার ও ছাগলের চামড়া ২৫০ টাকা গড় ধরে এ হিসাব বের করা হয়েছে। ভারতে চামড়া পাচারের আশঙ্কা করে আলাউদ্দিন বলেন, ট্যানারি মালিকেরা শিগগিরই চামড়া কেনা শুরু না করলে সীমান্ত দিয়ে চোরাই পথে কাঁচা চামড়া ভারতে পাচার হতে পারে।