যশোরে চারটি বোমার বিস্ফোরণ
যশোর শহরের পুরোনো কসবা কাজীপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার দুপুরে চারটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি রবিউল শাহীন আহত হয়েছেন। আঘাত গুরুতর নয়।ঘটনার পর আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে।ঘটনার প্রত্যক্ষদর্শী জেলা যুবলীগের সহসভাপতি মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে শাহীন, জেলা তরুণ লীগের আহ্বায়ক আসাদুল হক ওরফে আসাদ ও তিনি মুক্তিযোদ্ধ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিপন, যুবলীগের কর্মী জামাল ও রাজ্জাক মোটরসাইকেলে করে শহরের দড়াটানার দিকে যাচ্ছিলেন। তাঁদের দেখে ওই তিনজন মোটরসাইকেল থামিয়ে পাশে এসে দাঁড়ান। এ সময় অতর্কিতে কয়েকজন যুবক এসে পরপর চারটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের পর ধোঁয়ার কারণে তাদের চেনা যায়নি।