যশোরে চিকিৎসক শফিকুল হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
যশোর শহরে চিকিৎসক শফিকুল ইসলাম হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার যশোরের বিশেষ জজ (জেলা জজ) আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের আশিকুর রহমান ওরফে বাবলু (৪০) ও সাইফুল ইসলাম ওরফে জাকির হোসেন (৩৬)। এঁদের মধ্যে আশিকুর পলাতক। এ ছাড়া মামলার অপর দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্র জানায়, ২০০৯ সালের ২৯ জুলাই রাত সাড়ে নয়টার দিকে শহরের ঘোপ নওয়াপাড়া এলাকায় ‘জেস ক্লিনিকে’ কর্মরত অবস্থায় চিকিৎসক শফিকুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় শফিকুলকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে পরদিন অচেতন অবস্থায় তাঁকে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত চিকিৎসক শফিকুল ওই ক্লিনিকের অংশীদার ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশিকুর রহমানও ওই ক্লিনিকের অংশীদার। এ ঘটনায় চিকিৎসক শফিকুলের বাবা আবদুস সালাম ধাবক বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। ২০১০ সালের ২৬ মার্চ কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) অপূর্ব হাসান তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। অভিযোগে আশিকুর রহমান, সাইফুল ইসলাম, নতুন উপশহর এলাকার রাব্বি ওরফে মোরসালিন (২৮) ও ঘোপ নওয়াপাড়া এলাকার মো. রায়হানকে (২৮) আসামি করা হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এস এম বদরুজ্জামান পলাশ প্রথম আলোকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এর মধ্যে আশিকুর পলাতক। অপরজন সাইফুল ইসলাম কারাগারে আছেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোরসালিন ও রায়হানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর চিকিৎসক শফিকুল ইসলামের মেয়ে সাঈদা ইসলাম বীথি প্রথম আলোকে বলেন, ‘দুজনের ফাঁসির রায়ে খুশি হয়েছি। কিন্তু অপর দুজনের বেকসুর খালাস দেওয়াতে আমরা খুশি হতে পারেনি। কারণ, ওই দুজনও হত্যার সঙ্গে জড়িত।’