যশোরে চিকিৎসক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
যশোর শহরের চাঞ্চল্যকর চিকিৎসক শফিকুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।
গতকাল মঙ্গলবার যশোরের বিশেষ জজ (জেলা জজ) আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের আশিকুর রহমান ওরফে বাবলু ও সাইফুল ইসলাম ওরফে জাকির হোসেন।
এঁদের মধ্যে আশিকুর রহমান পলাতক রয়েছেন। এ ছাড়া মামলার অপর দুই আসামিকেবেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৯ জুলাই রাত সাড়ে নয়টার দিকে শহরের ঘোপ নওয়াপাড়া এলাকায় ‘জেস ক্লিনিকে’ কর্মরত অবস্থায় চিকিৎসক শফিকুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শফিকুল ওই ক্লিনিকের অংশীদার ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশিকুর রহমানও ওই ক্লিনিকের অংশীদার।
এ ঘটনায় মামলা দায়েরের পর ২০১০ সালের ২৬ মার্চ কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) অপূর্ব হাসান তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে আশিকুর রহমান, সাইফুল ইসলাম, রাব্বু ও রায়হানকে আসামি করা হয়।
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) এস এম বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনের ফাঁসির রায় দেওয়া হয়েছে। এর মধ্যে আশিকুর রহমান পলাতক রয়েছেন। সাইফুল ইসলাম কারাগারে আছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় রাব্বুও রায়হানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।