যশোরে ছাত্র হত্যাকাণ্ডে আটক হয়নি কেউ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাঈমুল ইসলাম ওরফে রিয়াদ হত্যার ঘটনায় আজ মঙ্গলবার পর্যন্ত কেউ আটক হয়নি। গতকাল তাঁকে হত্যা করা হয়। মামলাও নথিভুক্ত হয়নি।
এ ব্যাপারে যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, মামলা দেওয়ার জন্য নিহত ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হয়তো মামলা নথিভুক্ত হয়ে যাবে। এজাহার দেওয়ার পরই হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যাঁদের নাম শোনা যাচ্ছে, এজাহারে তাঁদের নাম এলেই তো তাঁরা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবে, তাঁদের আটক করা হচ্ছে না কেন? এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, মামলা না হওয়ায় তাঁদের আটক করা যাচ্ছে না। তবে তাঁদের নজরদারিতে রাখা হয়েছে।
এদিকে খুনের সঙ্গে জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক এস এম শামীম হাসান আজ দুপুরে সংবাদ সম্মেলন করে নিজেদের নির্দোষ দাবি করেছেন। যশোর প্রেসক্লাব মিলনায়তনে তাঁরা এ সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের আর কোনো ছাত্রকে দেখা যায়নি। তবে যশোর জেলা ছাত্রলীগের একাংশের নেতা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র আচরণবিধি (স্টুডেন্ট কোড অব কন্ডাক্ট) অনুযায়ী, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এর পরও ছাত্রলীগের কমিটি গঠন করে প্রকাশ্য রাজনীতি করে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন কি না, জানতে চাইলে সংবাদ সম্মেলনে এস এম শামীম হাসান বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক নাজমুল আলম স্বাক্ষরিত কমিটি নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনীতি শুরু করেছি।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে নিতে তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনকে দায়ী করার চেষ্টা করছে। প্রাথমিক তদন্তে খুনের সঙ্গে জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্রসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকারের সহযোগিতা কামনা
দুপুর ১২টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ড বোর্ডের জরুরি বৈঠক হয়েছে। ওই বৈঠক থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। একই সঙ্গে তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ নেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা ঠিক রাখার জন্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।