যশোরে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল জব্দ, বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) জ্যেষ্ঠ সহকারী পরিচালক ক্যাপ্টেন এ বি এম আবুল হাসনাতের অপসারণের দাবিতে যশোর জেলা ছাত্রলীগ গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। ছাত্রলীগের নেতার মোটরসাইকেল জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে তারা এ কর্মসূচি পালন করে।গতকাল রাত সাড়ে আটটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যশোর শহরের দড়াটানা মোড়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। এ সময় ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ৮-১০টি গাড়ি ভাঙচুর করেন। র‌্যাব ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল রাত আটটার দিকে দড়াটানা মোড়ে র‌্যাবের নেতৃত্বে একটি তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় আটটি মোটরসাইকেল জব্দ করা হয়। এর মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নম্বরবিহীন একটি মোটরসাইকেলও ছিল। মোটরসাইকেল চালাচ্ছিলেন যশোর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাবের হোসেন। পরে এ নিয়ে র‌্যাবের কর্মকর্তাদের সঙ্গে আনোয়ারের বাগিবতণ্ডা হয়। আনোয়ার প্রথম আলোর কাছে দাবি করেন, তিন মাস আগে তিনি মোটরসাইকেলটি কেনেন। এখনো কাগজপত্র করা হয়নি। তিনি মোটরসাইকেল ছেড়ে দিতে অনুরোধ করতে গেলে র‌্যাবের ডিএডি মহররম তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তিনি র‌্যাবের ক্যাপ্টেন হাসনাতের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনিও দুর্ব্যবহার করেন। এ কারণে নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন। তবে গাড়ি ভাঙচুরের অভিযোগ সত্য নয়। তিনি জানান, ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে দড়াটানা চত্বরে বিক্ষোভ ও সমাবেশ ডাকা হয়েছে। তবে র‌্যাবের ক্যাপ্টেন হাসনাত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছাত্রলীগের এক নেতার কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার র‌্যাবের ডিএডি মহররমের কাছে গিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে তা ছেড়ে দিতে বলেন। শুনে আমি ঘটনাস্থলে যাই। তবে তাঁকে পাইনি।’