যশোরে ছাত্রলীগ-শিবিরের পাল্টাপাল্টি ভাঙচুর
যশোরে সরকারি মাইকেল মধুসূদন দত্ত কলেজ ক্যাম্পাসে গত শনিবার ছাত্রলীগের টেন্ট (বসার জায়গা) ভাঙচুর করেছে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এর আগে কলেজের পাশে শিবিরর নিয়ন্ত্রিত একটি ছাত্রাবাসে হামলা চালিয়েছে ছাত্রলীগ। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ হলে কর্তৃপক্ষ ১০ জানুয়ারি পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের অধ্যাপক নূর মোহাম্মদ ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রফ্রন্ট ও ছাত্রমৈত্রীর কলেজ শাখার নেতাদের নিয়ে ক্যাম্পাস খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসেন। উপাধ্যক্ষের কক্ষে এ সভা চলছিল। এ সময় শিবিরের নেতা-কর্মীরা ফাঁকা ক্যাম্পাসে ঢুকে পড়ে। তাঁরা ক্যাম্পাসে কলাভবনের সামনে ছাত্রলীগের টেন্ড ভাঙচুর করে। পরে কলেজের দক্ষিণে ফটকের হোটেল ‘ক্যাম্পাস ইন’ ও কলেজের পাশে ছাত্রলীগের নিয়ন্ত্রিত একটি ছাত্রাবাস ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশের ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেন, বেলা ১১টার দিকে ছাত্রলীগের আহসানুল করিম ওরফে রহমানের নেতৃত্বে নয় থেকে ১০ জন অহনা ছাত্রাবাসে গিয়ে শিবিরকর্মী মোজাফফর হোসেন, তরুণ আলী, জাহাঙ্গীর আলম ও আমিনুর রহমানকে মারধর করে। তাঁদের উদ্ধার করার জন্যই শিবিরের কর্মীরা ক্যাম্পাসে জড়ো হয়। ক্যাম্পাসে ছাত্রলীগের টেন্ট ভাঙচুরকে তিনি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন। ছাত্রলীগের একাংশের নেতা আহসানুল করিম জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর জন্য কুষ্টিয়া ও রাজশাহী থেকে শিবিরের ক্যাডাররা এসে ওই ছাত্রাবাসে অবস্থান নিয়েছিল। বিষয়টি বুঝতে পেরে তাঁদের প্রতিহত করা হয়েছে। কলেজের অধ্যক্ষ সৈয়দ মাহবুবুর রহমান গতকাল জানান, আগামীকাল সোমবার (আজ) থেকে কলেজে ক্লাশ শুরু হবে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ বলেন, তাত্ক্ষণিক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্যাম্পাস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।