যশোরে ছাত্রলীগের আঞ্চলিক কার্যালয়ে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের বাবলাতলা এলাকার ছাত্রলীগের জেলা শাখার আঞ্চলিক কার্যালয়ে গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে বোমা হামলা হয়েছে। এতে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। দলের মধ্যে আধিপত্য বিস্তারের জন্য একাংশ এ হামলা চালিয়েছে বলে পুলিশ ধারণা করছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে মোটরসাইকেল ও একটি ইজিবাইকে ১৫-১৬ জন দুর্বৃত্ত বাবলাতলায় আসে। তারা ছাত্রলীগের কার্যালয় এবং এর পাশেই অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্য লক্ষ্য করে কয়েকটি বোমা ছোড়ে। এ সময় আশপাশের লোকজন হামলাকারীদের ধাওয়া করলে তারা ছয়টি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। বোমার স্প্লিন্টারের আঘাতে আহত শামীম নামের ছাত্রলীগের এক কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ছাত্রলীগের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের জেলা শাখার শীর্ষ এক নেতার অনুসারী যুবলীগের কয়েক নেতা-কর্মী এ হামলা চালিয়েছেন।যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, দলের মধ্যে গ্রুপিং ও আধিপত্য বিস্তারের জেরে হামলার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।