যশোরে ছাত্রলীগের কর্মীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ছাত্রলীগের এক কর্মীকে হত্যা করা হয়েছে। এর জের ধরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।এলাকাবাসী জানায়, গতকাল দুপুরে পূর্ব বারান্দিপাড়ার কদমতলা এলাকায় স্থানীয় দুই যুবক শরিফুল ইসলাম ও আশরাফুলের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা পরস্পরকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় দুজনকেই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর দেড়টার দিকে আশরাফুল মারা যায়। নিহত আশরাফুলকে ছাত্রলীগ নিজেদের কর্মী দাবি করে। সংগঠনটির নেতারা অভিযোগ করেন, জামায়াতের ইন্ধনে আশরাফুলকে হত্যা করা হয়েছে। এরপর বিকেলে আশরাফুলের লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন নেতা-কর্মীরা। একপর্যায়ে ওই মিছিল থেকে সন্ধ্যায় যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জামায়াতের কার্যালয়ে তল্লাশি চালানো হয়। যশোর জেলা জামায়াতের সেক্রেটারি নুর-উন-নবী অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে জামায়াতের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। এ সময় কার্যালয়ে রাখা শিবিরকর্মীদের ছয়টি মোটরসাইকেল ও আসবাব ভাঙচুর করা হয়। তিনি দাবি করেন, ছাত্রলীগের হামলায় জেলা জামায়াতের আমির আবদুর রশীদসহ অন্তত পাঁচজন কর্মী আহত হয়েছেন। ছাত্রলীগের নেতা আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগ জামায়াতের কার্যালয়ে কোনো হামলা করেনি। উল্টো জামায়াতের কার্যালয় থেকে ছাত্রলীগের ওপর গুলি ছোড়া হয়েছে।