যশোরে ছাত্রলীগের নেতা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং ব্যবসায়ী আবু শাহরিয়ার হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের একটি মাছের হ্যাচারিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেলা শহরের গাড়িখানা সড়কের বাসিন্দা মেহেদি হাসান ওরফে ভাগনে রাজু ও শংকরপুর এলাকার ওয়াকিল ইসলাম।জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ জেড এম ফিরোজের ছেলে আবু শাহরিয়ার গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের সিভিল কোর্ট মোড়ের একটি দোকানে বসে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে অস্ত্রধারী তিন সন্ত্রাসী এসে শাহরিয়ারকে লক্ষ্য করে তিনটি গুলি করে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল সকালে এ জেড এম ফিরোজ বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করে মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা বলেন, মেহেদি হাসান ও ওয়াকিল ইসলাম ওই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।