যশোরে ছাত্রলীগের বাধায় গানের অনুষ্ঠান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের ভোলা ট্যাংক সড়কে গত শুক্রবার রাতে ছাত্রলীগের কর্মীদের বাধায় হারানো দিনের গানের অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকেরা। ঘটনার প্রতিবাদ করায় ছাত্রলীগের কর্মীরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি হারুন-অর রশিদকেও লাঞ্ছিত করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিবছর শীতকালের এক সন্ধ্যায় সুরধুনী সংগীত একাডেমি ভোলা ট্যাংক সড়কে তাদের মিলনায়তনে হারানো দিনের গানের অনুষ্ঠানের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সন্ধ্যা সাতটায় ওই অনুষ্ঠানের আসর বসে। এ সময় উপস্থিত ছিলেন যশোর সদর আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি পীযূষকান্তি ভট্টাচার্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, সুরবিতান সংগীত একাডেমির সভাপতি আবু সালেহ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন-অর রশীদ, সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, অধ্যক্ষ অর্ধেন্দু ব্যানার্জি প্রমুখ।সুরধুনী সংগীত একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্রলীগের কর্মী টিপুর নেতৃত্বে সাত-আটজন অনুষ্ঠানস্থলে ঢুকে সবার সামনে আয়োজকদের উদ্দেশে বলেন, ‘এই উচ্চস্বরে গান বাজাচ্ছিস। বন্ধ কর। এর পরও যদি গান বাজে অনুষ্ঠান গুঁড়িয়ে দেব।’সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা হারুন-অর রশীদ প্রথম আলোকে বলেন, ‘ওই সময় আমি ঘটনার প্রতিবাদ করলে ছাত্রলীগের এক কর্মী আমার শার্টের কলার ধরে মারতে উদ্ধত হয়। পরে আয়োজকেরা ছাত্রলীগের কর্মীদের নিবৃত্ত করলে তারা চলে যায়।’মাহমুদ হাসান জানান, ছাত্রলীগের কর্মীরা চলে গেলে তাঁরা কিছুক্ষণ পর অনুষ্ঠান বন্ধ করে যশোর ইনস্টিটিউট ক্লাবে যশোর-১ (সদর) আসনের সাংসদ খালেদুর রহমানের কাছে যান। সাংসদ অনুষ্ঠান বন্ধের কথা শুনে বলেন, ‘তোরা ওদের (ছাত্রলীগের কর্মী) ধরে পুলিশে দিলি না কেন? ঠিক আছে, আমি দেখব।’এ ব্যাপারে অনুষ্ঠানে বাধা দেওয়া ছাত্রলীগের কর্মীদের বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে সাংসদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি জানার পর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথকে ঘটনাটি খতিয়ে দেখতে বলেছি।’ মোহিত কুমার নাথ বলেন, ‘ঘটনা শোনার পরপর আমি গিয়ে ছাত্রলীগের কর্মীদের হয়ে অনুষ্ঠানের আয়োজকদের কাছে ক্ষমা চেয়েছি।’সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ: হারানো দিনের গানের অনুষ্ঠানে বাধা দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার সন্ধ্যায় যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহরের সুরধুনী সংগীত একাডেমি মিলনায়তনে জরুরি বৈঠক করেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সংসদের উপদেষ্টা কাজী আবদুস শহীদ। বৈঠকে সিদ্ধান্ত হয়, অনুষ্ঠানে বাধা দেওয়ার প্রতিবাদে এবং পরবর্তী কর্মসূচি জানাতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা আজ রোববার বিকেল চারটায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন। কাল সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেবেন এবং মানববন্ধন করবেন।