যশোরে ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার
যশোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) জ্যেষ্ঠ সহকারী পরিচালক ক্যাপ্টেন এ বি এম আবুল হাসনাতকে অপসারণের দাবিতে ডাকা প্রতিবাদ সমাবেশ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়নি। কেন্দ্রীয় নেতাদের আশ্বাসে জেলা ছাত্রলীগ ওই কর্মসূচি প্রত্যাহার করে নেয়।যশোরের দড়াটানা মোড়ে গত বৃহস্পতিবার রাতে নম্বরবিহীন আটটি মোটরসাইকেল জব্দ করেন র্যাব সদস্যরা। এর মধ্যে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের একটি মোটরসাইকেল ছিল। মোটরসাইকেলটি ছাড়ানো নিয়ে ছাত্রলীগ নেতা আনোয়ারের সঙ্গে র্যাব কর্মকর্তাদের বাগিবতণ্ডা হয়। এর প্রতিবাদে ওই রাতেই দড়াটানা মোড়ে বিক্ষোভ এবং আট-দশটি যানবাহন ভাঙচুর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভ সমাবেশ থেকে গতকাল বিকেলে শহরের দড়াটানা মোড় চত্বরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল।র্যাব কর্মকর্তা এ বি এম আবুল হাসনাত বলেন, মোটরসাইকেল জব্দের ঘটনায় মামলা করা হয়েছে। এ ব্যাপারে ‘ওপরের’ কোনো চাপ নেই।