যশোরে ছাত্রাবাসের লুট করা দরজা-জানালা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদা না পেয়ে গত বুধবার যশোর শহরের নূরজাহান ছাত্রাবাসের দরজা ও জানালা খুলে নিয়ে যায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল করিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী   ছবি: প্রথম আলো
চাঁদা না পেয়ে গত বুধবার যশোর শহরের নূরজাহান ছাত্রাবাসের দরজা ও জানালা খুলে নিয়ে যায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল করিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী ছবি: প্রথম আলো

যশোর শহরের খড়কি এলাকার নূরজাহান হল নামের একটি ছাত্রাবাস থেকে লুট করা লোহার জানালা ও দরজা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের লোহাপট্টি ও মুড়ুলি মোড় এলাকার কয়েকটি দোকানে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের নেতা আহসানুল করিম ওরফে রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগে জানা যায়, যশোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত বুধবার সকালে নূরজাহান হল ছাত্রাবাসের মালিক নুরুল ইসলামের কাছে ৯০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা ছাত্রাবাসের নয়টি জানালা ও ১০টি দরজা লুট করে নিয়ে যায়। পরে এগুলো বিভিন্ন দোকানে বিক্রি করা হয়। এর আগে গত ২৩ আগস্ট চাঁদার দাবিতে সন্ত্রাসীরা ছাত্রাবাসে গিয়ে বোমা হামলা চালায়। এ সময় তাদের ১০ হাজার টাকা দিলে তারা চলে যায়।

আহসানুল করিম
আহসানুল করিম

এ ঘটনায় ছাত্রাবাসের মালিক নুরুল ইসলামের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে বুধবার বেলা ১১টায় যশোরের কোতোয়ালি থানায় চাঁদাবাজি ও বিস্ফোরক আইনে একটি মামলা করেন। মামলায় রহমান, একই এলাকার সুজনসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ওইদিন দুপুর আড়াইটার দিকে রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার কেন্দ্রীয় কমিটির অনুমতি নিয়ে রহমানকে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল দল থেকে বহিষ্কার করেন। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার রহমানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। তিনি আরও জানান, রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জানালা ও দরজাগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল বলে তিনি জানান।

লুট হওয়া দরজা-জানালা গতকাল যশোরের লোহাপট্টি ও মুড়ুলি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ ষ ছবি: প্রথম আলো
লুট হওয়া দরজা-জানালা গতকাল যশোরের লোহাপট্টি ও মুড়ুলি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ ষ ছবি: প্রথম আলো