যশোরে ছাত্রীনিবাসে ভাঙচুর, লুটপাট
যশোরে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার ম্যানেজমেন্ট অ্যান্ড কলেজের (বিসিএমসি) ছাত্রী হোস্টেলে গত রোববার রাতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা।প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাম্পাস থেকে প্রায় এক কিলোমিটার দূরের পশ্চিম বারান্দি নাথপাড়ায় অবস্থিত এ হোস্টেলে ১১ জন ছাত্রী থাকেন। রোববার রাত পৌনে আটটার দিকে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী অতর্কিত হোস্টেলে ঢুকে গালাগাল করে এবং হোস্টেলে থাকা ছাত্রীদের কাছে হোস্টেল সুপার কোথায় তা জানতে চায়। ছাত্রীরা জানেন না বলতেই সন্ত্রাসীরা ঘরের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র এবং রান্নাঘরের হাঁড়ি-পাতিল ভাঙচুর করে। আধঘণ্টা তাণ্ডব চালানোর পর স্থানীয় লোকজন এলে, সন্ত্রাসীরা মূল্যবান কিছু মালামাল লুট করে চলে যায়।এ ঘটনায় হোস্টেল সুপার শাহনেওয়াজ ফেরদৌস কোতোয়ালি থানায় মামলা করেছেন। রাতেই সহকারী পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।