যশোরে ছিনতাই হওয়া টাকা উদ্ধার, আটক ১
দুপুর ১২টা ১০ মিনিটে তিন ছিনতাইকারী দ্রুতগতির মোটরসাইকেলে করে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে এক রিকশা আরোহীর ১৪ লাখ ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের কয়েকটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেলা পৌনে তিনটার দিকে ছিনতাইকারীসহ খোয়া যাওয়া টাকা আটক করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই ছিনতাইকারী পুলিশের গুলিতে আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীর নাম ইউনুচ আলী ওরফে তারা (৩০)। তিনি সন্ন্যাসী দীঘিরপাড় এলাকার চান মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, এম এম পরিবহনের স্বত্বাধিকারী শফিকুল ইসলামের গাড়িচালক মো. মিলন ১৪ লাখ ৩৮ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য আবরপুর মোড় থেকে চিত্রা মোড়ের দিকে যাচ্ছিলেন। চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে দ্রুতগতির একটি মোটরসাইকেলে করে তিন যুবক রিকশার পাশে গিয়ে গতি কমিয়ে ছোঁ মেরে টাকার ব্যাগ নিয়ে যান।
বিষয়টি পুলিশকে জানালে কোতোয়ালি থানা ও গোয়েন্দা পুলিশের কয়েকটি দল অভিযান শুরু করে। সন্ন্যাসী দীঘিরপাড় এলাকার পেট্রলপাম্পের পেছনে তিন যুবক অবস্থান করছেন—এমন খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হলে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ একটি গুলি ছুড়লে তাঁদের একজন তারার পায়ে বিদ্ধ হয়। পুলিশি হেফাজতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছেন।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক জহিরুল আলম বলেন, মো. মিলন বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন।