যশোরে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যশোর শহরের বেজপাড়া এলাকায় অনুপ কুমার (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি শহরের বেসরকারি কুইন্স হাসপাতালের ওষুধের দোকানে কাজ করতেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে বেজপাড়ার পূজার মাঠ এলাকায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। নিহত অনুপের ভাই অনিল কুমার গতকাল যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গতকাল শরিফুল ইসলাম ওরফে তুষার (২৪) ও মারুফুল ইসলাম ওরফে তুষ্টু (২৮) নামের দুই সহোদরকে আটক করেছে। কোতোয়ালি থানার ওসি ইমদাদুল হক শেখ বলেন, ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের জন্য ছুরিকাঘাত করা হয়েছে। তরুণীর লাশ উদ্ধার: এদিকে যশোর সদর উপজেলার রামনগর এলাকার ভৈরব নদ থেকে নাসরিন সুলতানা (২২) নামের এক তরুণীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নাসরিন উপজেলার শ্রীপদ্দী গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। হত্যা মামলায় সুশীল, পলাশসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।