যশোরে জাতীয় লিটল ম্যাগাজিন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে গতকাল শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী পঞ্চম জাতীয় লিটল ম্যাগাজিন মেলা। মেলার এবারের স্লোগান ‘আমরা ভাঙি গড়ব বলে’।

যশোর শহরের সার্কিটপাড়া এলাকায় প্রাচ্যসংঘ প্রাঙ্গণে সকালে এ মেলার উদ্বোধন করেন জাতীয় লিটল ম্যাগাজিন মেলা উদ্‌যাপন পর্ষদের আহ্বায়ক অনিকেত শামীম। এরপর একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে প্রাচ্যসংঘ প্রাঙ্গণে মেলার প্রথম অধিবেশন শুরু হয়। লোক পত্রিকার সম্পাদক অনিকেত শামীমের সভাপতিত্বে এ অধিবেশনে স্বাগত বক্তব্য দেন মেলা উদ্‌যাপন পর্ষদের সদস্যসচিব এবং প্রাচ্য পত্রিকার সম্পাদক বেনজীন খান। আলোচক ছিলেন ভারতের কারুভাস পত্রিকার সম্পাদক মানসী কীর্তনীয়া, কবিতা ক্যাম্পাস পত্রিকার সম্পাদক অলোক বিশ্বাস, প্রথম সময় পত্রিকার সম্পাদক দেবাশীষ রায়, ময়মনসিংহের মেঘ পত্রিকার ইয়াজদানী কোরায়েশী, চট্টগ্রামের খড়িমাটি পত্রিকার সম্পাদক মনিরুল মনির এবং বগুড়ার দোআঁশ পত্রিকার সম্পাদক ইসলাম রফিক।

দ্বিতীয় অধিবেশনে চট্টগ্রামের চর্যাপদ পত্রিকার সম্পাদক আজাদ নোমানের সভাপতিত্বে আলোচক ছিলেন কথাশিল্পী পারভেজ হোসেন, কবি বদরুল হায়দার, ঢাকার বইয়ের জগৎ পত্রিকার সম্পাদক আহমেদ মাজহার এবং ফরিদপুরের উঠোন পত্রিকার সম্পাদক মফিজ ইমাম। 

মেলায় ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার পাঁচটিসহ ৭৫টি পত্রিকা অংশ নিয়েছে। স্টল আছে ৫৯টি।