যশোরে জামায়াত নেতাকে হত্যা
যশোরের বাঘারপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা আক্কাস আলী শেখকে (৩৫) মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে বাঘারপাড়ার খাজুরা বাজারসংলগ্ন পান্তাপাড়ার মাঠে তাঁর লাশ পাওয়া যায়।আক্কাস বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের সাদিপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি। তাঁর বাড়ি বাঘারপাড়ার সাদিপুর-কৃষ্ণপুর গ্রামে।এ ব্যাপারে নিহত ব্যক্তির ভাই আহম্মদ আলী শেখ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ গতকাল শনিবার সকালে মামলার আসামি ও সাদিপুর-কৃষ্ণপুর গ্রামের বিএনপির কর্মী কাসেম মণ্ডল (৬২) এবং তাঁর ছেলে ইকবাল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে।পুলিশ ও পরিবারের স্বজনদের ভাষ্যমতে, আক্কাস ও তাঁর প্রতিবেশী মিজানুর রহমান শুক্রবার রাত আটটার দিকে সাইকেলে চড়ে যশোর-মাগুরা সড়কের খাজুরা বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পান্তাপাড়া মাঠ এলাকায় পৌঁছানোর পর কয়েকজন সন্ত্রাসী তাঁদের পথ আটকায়। তারা আক্কাসকে আটকে মিজানকে মারধর করে ছেড়ে দেয়। মিজান রাত ১২টার দিকে আক্কাসের বাড়ি গিয়ে ঘটনাটি জানান। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা বাঘারপাড়া থানার পুলিশকে নিয়ে ওই মাঠে গিয়ে আক্কাসের লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।আক্কাস হত্যা মামলার এজাহারে বলা হয়েছে, বছর খানেক আগে গ্রামের একটি সালিসে বিএনপির কর্মী কাসেম মণ্ডলের ‘চুল কেটে জুতার মালা পরিয়ে’ গ্রামে ঘোরানোর শাস্তি দেওয়া হয়। ওই সালিসে আক্কাসও ছিলেন। সেই থেকে আক্কাসের ওপর কাসেম মণ্ডলের ক্ষোভ রয়েছে। ওই ক্ষোভ থেকে কাসেম বিভিন্ন সময়ে আক্কাসকে হুমকি দিতেন। ধারণা করা হচ্ছে, কাসেম মণ্ডল আক্কাসকে হত্যা করতে পারে।বাঘারপাড়া থানার ওসি রেজাউল করিম বলেন, নিহত আক্কাসের চোখ ও মুখের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন ছিল। মুখে কাদা মাটি লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, মাটির মধ্যে মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি মিজান পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।খুনের নেপথ্য কারণ: ২৫ জুন বাঘারপড়া উপজেলায় ইউপি নির্বাচন হবে। উপজেলার বন্দবিলা ইউপির পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান কাজী কামরুল ইসলাম, শওকত হোসেন মণ্ডল ও মাওলানা মাহাবুবুর রহমান। আক্কাস মাওলানা মাহবুবের একনিষ্ঠ কর্মী ছিলেন।আক্কাসের ভাই মোমিন উদ্দীন শেখ প্রথম আলোকে বলেন, ‘হুমকি-ধমকির কারণে আক্কাসকে বহুবার বলেছি, দলদারি করার দরকার নেই। আর করলেও দিনের বেলায় করিস। রাত করে বাড়িতে ফিরিস নে। কোনো অঘটন ঘটে যেতে পারে।’জামায়াতে ইসলামীর যশোর জেলার নায়েবে আমির আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, জামায়াত-সমর্থিত প্রার্থী মাহবুবুরকে নির্বাচন থেকে সরে যেতে বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছিল। আর জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ না করতে বিএনপি প্রার্থীর (শওকত হোসেন মণ্ডল) পক্ষ থেকেও আক্কাসকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে। এ জন্য সন্দেহ করা হচ্ছে নির্বাচনী প্রতিপক্ষরা আক্কাস আলীকে খুন করতে পারে।’ এ ব্যাপারে শওকত হোসেন মণ্ডল বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কাজী কামরুলের প্ররোচনায় জামায়াতের নেতারা আমাকে ভুল বুঝছেন। খুনটাকে ভিন্ন খাতে নিয়ে নির্বাচনী প্রতিপক্ষরা ফায়দা লোটার চেষ্টা করছে।’