যশোরে জামায়াতের তিন নেতা গ্রেপ্তার
যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে স্থানীয় থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা সদরের হাসিমপুর বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করে। এই তিনজন এ সময় ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।গ্রেপ্তারকৃত নেতারা হলেন, জামায়াতের ঝিকরগাছা উপজেলা কমিটির আমির আরশাদুল আলম, নায়েবে আমির শেখ আশরাফুল আলম ও শুরা সদস্য মনিরুজ্জামান। সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা ও সরকারি কাজে বাধা দেওয়ার একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় এরই মধ্যে দলের আরও তিন সমর্থককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশের ভাষ্যমতে, জামায়াতের এ তিনজন নেতা ঢাকা যাওয়ার জন্য মঙ্গলবার রাত ১১টার দিকে হাসিমপুর বাজারে অবস্থান করছিলেন। এ কে ট্রাভেলসের একটি পরিবহনে ওঠার সময় তাঁদের গ্রেপ্তার করে গতকাল বুধবার সকালে যশোর আমলি আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক প্রথম আলোকে বলেন, গত ১৫ জানুয়ারি ঝিকরগাছা বাজারে কোনো ধরনের মিছিল-সমাবেশ না করার জন্য নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তা উপেক্ষা করে জামায়াতের নেতা-কর্মীরা সরকারবিরোধী মিছিল বের করেন। এ ঘটনায় ওই দিনই জামায়াতের তিন সমর্থককে আটক করা হয়।