যশোরে জামায়াতের দেড় লাখ প্রচারপত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান-সংবলিত দেড় লাখেরও বেশি প্রচারপত্র ও পোস্টার জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে যশোরের কোতোয়ালি থানার পুলিশ শহরের নাহার প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে এ প্রচারপত্র ও পোস্টার জব্দ করে। এ সময় প্রেসের স্বত্বাধিকারী জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা শাখার সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান (৫৭) ও মেশিনম্যান আলমগীরকে (২২) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে জানান, প্রচারপত্র ও পোস্টারে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান লিখে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ পোস্টার ও প্রচারপত্র যশোর শহর থেকে ছাপিয়ে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে তিনি জানান।এ ব্যাপারে জেলা জামায়াতের নায়েবে আমির আবদুর রশিদ প্রথম আলোকে জানান, ওই প্রচারপত্র ও পোস্টারে দেশবিরোধী কোনো কথা বলা হয়নি। জামায়াতের নেতা-কর্মীদের ওপর সরকারের নির্যাতন-নিপীড়নের চিত্র জনগণকে জানানোর লক্ষ্যে প্রচারপত্র ও পোস্টার ছাপানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পুলিশ অনিয়মতান্ত্রিক ও অগণতান্ত্রিকভাবে এগুলো জব্দ করেছে বলে তিনি অভিযোগ করেন।ঘটনার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক হাফিজুর রহমান জানান, পোস্টার ও প্রচারপত্রে বলা হয়েছে, ‘জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ, দেশের স্বার্থবিরোধী চুক্তি সম্পাদন এবং বিরোধীদলীয় নেতাদের ওপর দমন-পীড়ন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতাসহ বিরোধীদলীয় সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি চায়।’তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রস্তুতি চলছে। জামায়াতের নেতা ও মেশিনম্যানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।