প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) ফলাফলে যশোর জেলায় এবার গত বছরের তুলনায় জিপিএ-৫ কমেছে। তবে বেড়েছে পাসের হার। অপর দিকে ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হার দুই-ই বেড়েছে।
২০১২ সালে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল আট হাজার ২৯১ জন। পাসের হার ছিল ৯৯ দশমিক ৯৭ শতাংশ। সেখানে এবার জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৫৫৮ জন। পাসের হার শতভাগ। ইবতেদায়ি পরীক্ষায় গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১১১ জন এবং পাসের হার ছিল ৯৬ দশমিক ১২। এবার জিপিএ-৫ পেয়েছে ১৭৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৬।
এ বছর জেলায় ৪৫ হাজার ৬৭১ জন পিএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। আর ইবতেদায়ি সমাপনীতে পাঁচ হাজার ৮৮৭ জন অংশ নিয়ে পাস করেছে পাঁচ হাজার ৮৬১ জন।
গতকাল সোমবার বেলা একটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যশোরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক প্রথম আলোকে বলেন, এবারের পিএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রশ্নপত্র একটু কঠিন হওয়ায় জিপিএ-৫ কমে গেছে। তা ছাড়া এবারের পাঠ্যসূচিতে ২৫ শতাংশ সৃজনশীল পদ্ধতির হওয়ায় শিক্ষার্থীদের বুঝতে একটু সমস্যা হয়েছে।