যশোরে জোড়া শিবমন্দিরে চুরি
যশোর শহরের মুড়ুলী জোড়া শিবমন্দিরের তালা ভেঙে শুক্রবার রাতে টাকা, প্রতিমার গায়ের স্বর্ণালংকারসহ পূজার তৈজসপত্র চুরি করা হয়েছে। এ সময় মন্দিরের পূজার উপকরণসহ বিভিন্ন মালামাল তছনছ করা হয়েছে। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে মন্দিরের তালা ভাঙা ও দরজা খোলা দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সনাতন ধর্মসংঘের উদ্যোগে জোড়া শিবমন্দিরটি পরিচালিত হয়। ওই সংঘের সদস্য জয়ন্ত সরকার বলেন, মন্দিরের দরজার ছয়টি তালা ভেঙে মন্দিরের প্রণামী বাক্সের টাকা, দুটি প্রতিমার গায়ে থাকা স্বর্ণালংকার ও পূজার উপকরণ চুরি করা হয়েছে; যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। এ ছাড়া মন্দিরের ভেতর থেকে বিনা মূল্যের হোমিও চিকিৎসার ওষুধপত্র এবং সরঞ্জাম তছনছ করা হয়েছে। যশোর কোতোয়ালি ওসি এমদাদুল হক শেখ বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।