যশোরে ঝুঁকিতে শিশুশ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে যশোর শহরের ফটক-গ্রিল তৈরির কারখানায় শিশুদের কাজ করতে হচ্ছে। কোনো কারখানায় প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম নেই। নেই শৌচাগার-সুবিধা। রয়েছে মজুরিবৈষম্যও।
সরকারের শ্রম দপ্তর এবং শিশুদের সুরক্ষার কথা বলে বিদেশি টাকা আনা বেসরকারি সংস্থা এবং শ্রমিক ইউনিয়নের নেতারা কেউ বিষয়টির তদারকি করছে না বলে অভিযোগ রয়েছে। যে কারণে শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি শহরের বকচর এলাকায় গিয়ে দেখা গেছে, দোকানের সামনে সড়কের ওপর গ্রিল তৈরির রড ও পুরোনো বাস-ট্রাকের কাঠামো কাটার জন্য এক শিশু লোহার ছেনি ধরে বসে আছে আরেক শিশু ৮-১০ পাউন্ড ওজনের হাতুড়ি দিয়ে তার ওপরে আঘাত করছে। কয়েকটি কারখানায় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার ছাড়াই শিশুদের ওয়েলডিং করতে দেখা গেল। তাদের চোখ ও হাতের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র শিশুদের দেওয়া হয়নি। বড়দের সঙ্গে শিশুরা একই ধরনের কাজ করে যাচ্ছে।
শহরের গুরুদাস বাবু লেন, রাজারহাটসহ বিভিন্ন এলাকায় গিয়ে একই দৃশ্য দেখা গেছে। এসব কারখানায় প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম নেই শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো কারখানায় শিশুশ্রমিকদের জন্য কাজের আলাদা কোনো ক্ষেত্র নেই। বড়রা যে কাজ করে শিশুদেরও একই কাজ করতে হয়। অদক্ষতার কারণে শিশুরা প্রায় ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। মাস সাতেক আগে গুরুদাস বাবু লেন সড়কের ফটক-গ্রিল তৈরির কারখানায় ইলেকট্রিক ড্রিল যন্ত্র চালানোর সময় ১৩ বছর বয়সের শিশু রয়েলের বাম হাতের একটি আঙুল ফিতায় জড়িয়ে যায়। হাসপাতালে তাকে চিকিৎসা নিতে হয়েছে। রয়েল জানায়, তার হাতের আঙুলে পাঁচটি সেলাই দিতে হয়েছিল। বছর দুয়েক আগে পাশের একটি আরেকটি কারখানায় কর্মরত সালাউদ্দীন নামের এক শিশুর পায়ের ওপর ৫০ কেজি ওজনের একটি জয়েজ (ইট ও পাথরভাঙা যন্ত্রের যন্ত্রাংশ) পড়ে। এতে ঘটনাস্থলেই তার ডান পায়ের একটি আঙুল কেটে পড়ে যায়। মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যশোরের কারখানাগুলোতে প্রতিদিন ২০ থেকে ৩০টির মতো ছোটখাটো দুর্ঘটনা ঘটে। কিন্তু কোনো কারখানায় প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা হয় না। শ্রমিকেরা অসচেতনতার কারণে কাটা স্থানে মাকড়শার জাল, ঘাস-পাতার রস, ধুলাসহ বিভিন্ন জীবাণুযুক্ত পদার্থ দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে। এতে ক্ষতস্থান দ্রুত সারার বদলে মারাত্মক সংক্রমণ দেখা দেয়।
যশোর জেলায় শিশুদের নিয়ে কাজ করে এমন ১৪ থেকে ১৫টি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত ‘শিশু সুরক্ষায় এনজিও নেটওয়ার্ক’ নামে একটি কমিটি রয়েছে। ওই কমিটির যুগ্ম আহ্বায়ক শাহজাহান নান্নু বলেন, কারখানায় প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে শিশুরা এ দুর্ঘটনার বেশি শিকার হচ্ছে। বছর দুয়েক আগে (যখন শিশুদের জন্য বিদেশি দাতা সংস্থার তহবিল ছিল) কারখানার মালিকদের সচেতনতার জন্য একটি বৈঠক করা হয়েছিল। সেখানে প্রত্যেক কারখানায় প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রাখার জন্য মালিকদের অনুরোধ করা হয়। কিন্তু কোনো কারখানার মালিক সেটি করেননি। তা ছাড়া শ্রমিকদের জন্য শৌচাগার-সুবিধা নেই। ওইসব কারখানায় ঝুঁকিপূর্ণ পরিবেশে শিশুশ্রমিকদের কাজ করানো হচ্ছে। রয়েছে বেতনবৈষম্যও।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর গেট-গ্রিল শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক দীপক অধিকারী বলেন, শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো হয় না। চা-পান আনার জন্য তাদের রাখা হয়েছে। কাজ শেখার জন্য অনেকে বড়দের সঙ্গে কাজ করে থাকে। কোনো কারখানায় প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম নেই স্বীকার করে তিনি বলেন, কারখানায় এগুলো থাকলে ভালো হয়। আমরা রাখার চেষ্টা করব। শৌচাগার-সুবিধার ব্যাপারে আমাদের কিছুই করার নেই। আমরাও এ সুবিধা থেকে বঞ্চিত।
দীপক অধিকারী জানান, পৌর এলাকায় সমিতির অধীনে ২০০টি কারখানা রয়েছে। এসব কারখানায় অন্তত ৭০০ শ্রমিক কাজ করে। ১৬ বছরের নিচের শিশুশ্রমিক রয়েছে প্রায় ৫০ জন।