যশোরে টেলিফোনের তার চুরির হিড়িক
যশোর শহরে টেলিফোনের তার চুরির হিড়িক পড়েছে। মাদকসেবী ও বখাটে যুবকেরা এ চুরির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রগুলো বলছে। তার চুরি হওয়ায় নতুন করে সংযোগ স্থাপন করতে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তার চুরির আতঙ্কে আছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) যশোরের সাড়ে আট হাজার গ্রাহক।বিটিসিএল সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত শহরের ২০৪ জন গ্রাহকের তার চুরি হয়েছে। শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা কিরণ সাহা বলেন, ১৩ জুন তাঁর বাড়ির টেলিফোন লাইনের তার চুরি হয়। বিষয়টি বিটিসিএলের কর্মকর্তাদের জানালে, তাঁরা বাজার থেকে তার কিনে সংযোগ পুনঃস্থাপনের পরামর্শ দিয়েছেন। তার চুরির আশঙ্কায় এরপর আর সংযোগ পুনঃস্থাপন করা হয়নি।বিটিসিএল, যশোরের বিভাগীয় প্রকৌশলী সুভাষ চন্দ্র রায় বলেন, ‘তার চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা উন্নয়ন সমন্বয় সভায় একাধিকবার বিষয়টি উত্থাপন করেছি। থানায় অসংখ্য সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে পুলিশ প্রশাসন তেমন উদ্যোগ নেয়নি।’সূত্র জানায়, তার চুরির ঘটনায় যশোর কোতোয়ালি থানায় ২০০৮ সালে ৪৯টি, ২০০৭ সালে ৩৭টি ও ২০০৯ সালে ৩০ থেকে ৩৫টি জিডি হয়েছে। এ ছাড়া ২০১০ সালে ২০৪ জন গ্রাহকের তার চুরি হলেও কেউ থানায় জিডি বা মামলা করেননি।শহরের ঘোপ ও শংকরপুর এলাকার কয়েকজন গ্রাহক বলেন, মাদকাসক্ত লোকেরা সুযোগ বুঝে তার কেটে নিয়ে যায়।যশোরের সহকারী পুলিশ সুপার (‘ক’ সার্কেল) এস এম শফিউল্লাহ বলেন, ‘থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হয় না, এ ধরনের অভিযোগ সত্য নয়। তবে সব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া গেছে, তা-ও বলব না। আমাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। গত এক বছরে দুই শতাধিক গ্রাহকের তার চুরির কথা বলা হলেও থানায় কেউ অভিযোগ দেননি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’