যশোরে ট্রাকচাপায় প্রাণ গেল দুই ব্যবসায়ীর
খুলনা-যশোর মহাসড়কের পদ্মবিলা এলাকায় আজ রোববার ইটভাটার মাটিবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের শেখ শাহিন (৩৫) ও রমজান আলী (২৮)।
পেশাদার চালক দিয়ে মাটিবাহী ট্রাক চালানোর দাবিতে নিহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় বিক্ষুব্ধ বাসিন্দারা তাৎক্ষণিকভাবে মহাসড়কের পদ্মবিলা এলাকা অবরোধ করেন। ঘণ্টা খানেক পর যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আরিফ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনাস্থলে গিয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, যশোর-১ (শার্শা) আসনের সরকারদলীয় সাংসদ শেখ আফিল উদ্দীনের মালিকানাধীন আফিল ইটভাটার মাটিবাহী একটি ট্রাক যশোর শহরের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেরে থাকা দুজনের মধ্যে রমজান ঘটনাস্থলে এবং যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর শাহিন মারা যান।
অবরোধকারীরা অভিযোগ করেন, দুর্ঘটনার সময় ট্রাকে পেশাদার চালক ছিলেন না। সহকারী দিয়ে ট্রাকটি চালোনো হচ্ছিল।
এ ব্যাপারে ওসি ইনামুল হক প্রথম আলোকে জানান, আফিল ইটভাটার সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডেকে অবরোধকারীদের দাবির কথা জানানো হয়েছে। পেশাদার চালক দিয়ে ভাটার ট্রাক চালানোর জন্যও তাঁকে বলা হয়েছে।