যশোরে ট্রাকচাপায় পুলিশের এসআই নিহত

যশোরের ঝিকরগাছায় ট্রাকচাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার নবিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আহসান উল্লাহ (৩৫) যশোরের কেশবপুর উপজেলার চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছিলেন। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আবদুল্লাহপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘আহসান উল্লাহ মোটরসাইকেলে ঝিকরগাছায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। মোবাইলে কল আসায় রাস্তার পাশে দাঁড়িয়ে তিনি কথা বলছিলেন। এ সময় বেনাপোল থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
নাঈমুর রহমান আরও বলেন, ‘ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’