যশোরে ট্রাকের চাপায় কলেজছাত্রী নিহত, সড়ক অবরোধ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের জিলা স্কুলের সামনে মাটিবাহী ট্রাকের চাপায় গতকাল শুক্রবার সকালে শাহনাজ পারভীন ওরফে রিক্তা (২২) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর সহপাঠী ঝর্ণা খাতুন (২২)। তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।হতাহত শিক্ষার্থীরা যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের স্নাতক (সম্মান) শ্রেণীর ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। রিক্তা যশোরের মনিরামপুর উপজেলার মুক্তারপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুল হকের মেয়ে। তাঁদের বাড়ি মুক্তারপুর গ্রামে।এ ঘটনায় কলেজের শিক্ষার্থীরা গতকাল শহরের মুজিব সড়ক অবরোধ শেষে বিক্ষোভ মিছিল করেছেন। ভাঙচুর করেছেন ৮-১০টি ইজিবাইক, ট্রাক ও রিকশা। পুলিশ ট্রাকটি আটক করলেও চালককে আটক করতে পারেনি।প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থী ঝর্ণা খাতুন জানান, ব্যবহারিক খাতা কেনার জন্য গতকাল সকালে রিক্তাকে সঙ্গে নিয়ে রিকশায় করে শহরের শাহ আবদুল করিম সড়কের এফডিসি পাড়ায় যাচ্ছিলেন ঝর্ণা। ১০টার দিকে মুজিব সড়কে জিলা স্কুলের সামনে পৌঁছালে একটি ইজিবাইকের ধাক্কায় সড়কের ওপর ছিটকে পড়েন দুজন। এ সময় রিক্তার ওপর দিয়ে দ্রুতগতির একটি ট্রাক চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রিক্তার। চোখের সামনে রিক্তার মৃতদেহ দেখে রাস্তায় অচেতন হয়ে পড়েন ঝর্ণা।এ খবর ছড়িয়ে পড়লে মাইকেল মধুসূদন (এম এম) কলেজের কয়েক শ শিক্ষার্থী মুজিব সড়ক অবরোধ শেষে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা আট থেকে ১০টি ইজিবাইক, ট্রাক ও রিকশা ভাঙচুর করেন। সড়কে জ্বালানো হয় টায়ার। ট্রাফিক পুলিশ যানবাহন চালকদের কাছ থেকে টাকা নিয়ে দিনের বেলায় শহরের ভেতর দিয়ে চলাচলের সুযোগ দেয়—এ অভিযোগ তুলে দুপুর সাড়ে ১২টার দিকে ক্ষুব্ধ ছাত্ররা জিলা স্কুল মোড়ে এক ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পুলিশের সঙ্গে ছাত্রদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন ছাত্ররা।শিক্ষার্থীরা দিনের বেলা শহরের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ, গ্যালাক্সির মোড়ে গতিরোধক ও ট্রাফিক আইল্যান্ড করার দাবি জানান। দুপুরে সদর আসনের সাংসদ খালেদুর রহমান ওরফে টিটো ও জেলা প্রশাসক মো. মহিবুল হক ঘটনাস্থলে গিয়ে দাবি মানার আশ্বাস দিলে দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।নিহত রিক্তার বন্ধু ভূগোল তৃতীয় বর্ষের ছাত্র হাসানুজ্জামান বলেন, ‘দড়াটানা মোড় থেকে মুজিব সড়কের দেড় কিলোমিটারের মধ্যে যশোর জিলা স্কুল, এম এম কলেজ, ওয়াইডব্লিউসিএ নার্সারি স্কুল, সার্কিট হাউস, প্রেসক্লাব, নারী ও শিশু নির্যাতন আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। অথচ এ সড়কে কোনো গতিরোধক নেই, নেই কোনো ট্রাফিক আইল্যান্ড। ভারী যানবাহনগুলো দ্রুতগতিতে চলাচল করায় আমাদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়।’এদিকে ময়নাতদন্ত শেষে দুপুরে রিক্তার লাশ কলেজ ক্যাম্পাসের ভূগোল বিভাগের সামনে নেওয়া হয়। এ সময় নিহত রিক্তার স্মরণে শিক্ষক ও শিক্ষার্থীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।রিক্তার দাদা জয়নাল আবেদীন জানান, রিক্তা ছিল তিন বোনের মধ্যে বড়। লেখাপড়া শেষ করে রিক্তা তাঁর দুই বোনকে দেখেশুনে রাখবে—এই আশা ছিল কিন্তু তা আর হলো না।জেলা প্রশাসক মো. মহিবুল হক প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের সব দাবি মানা হয়েছে। নিহতের পরিবারের ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করা হবে।’