যশোরের বাঘারপাড়া উপজেলার বোলতেঘাটা মোড়ে সড়কের পাশের সরকারি গাছ কেটে রাস্তা অবরোধ করার সময় মাটিবাহী ট্রাকের ধাক্কায় আশরাফুল (১৮) নামে শিবিরের এক কর্মী নিহত হয়েছেন।
জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে গতকাল শুক্রবার ভোরে সড়ক অবরোধ করার সময়ে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি পুড়িয়ে দেওয়া হয়েছে। নিহত আশরাফুল রাঘারপাড়া উপজেলার মহিরণ গ্রামের মকবুল হোসেনের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বোলতেঘাটা গ্রামে সড়কের গাছ কেটে রাস্তা অবরোধ করার চেষ্টা করেন। এ সময় একটি ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময়ে তাঁরা ট্রাকটি থামানোর চেষ্টা করেন। চালক দ্রুতগতিতে ট্রাক চালিয়ে যাওয়ার সময় কেটে রাখা গাছে এটি আটকে যায়। চালক আটকে যাওয়া ট্রাক চালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাছের একটি ডালের আঘাতে আশরাফুল নিহত হন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস বলেন, মাটিবাহী একটি ট্রাক দ্রুত অতিক্রম করার সময়ে গাছের একটি ডালে আটকে যায়। এ সময় কেটে রাখা গাছের একটি ডালের আঘাতেই আশরাফুল নিহত হন।