যশোরে ট্রান্সপোর্ট এজেন্সির গুদামে অগ্নিকাণ্ড
যশোর শহরের লোন অফিসপাড়ার সম্মিলনী ইনস্টিটিউশনসংলগ্ন নিউ যমুনা ট্রান্সপোর্ট এজেন্সির গুদামে গত শুক্রবার দিবাগত রাতে আগুন লেগে রাসায়নিক পদার্থ ও গাড়ির টায়ারসহ বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন দেখে প্রথমে স্থানীয় লোকজন পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে যশোর সদর ও ঝিকরগাছা উপজেলার দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সরকারের অনুমোদন ছাড়াই আবাসিক এলাকায় এ ধরনের গুদাম নির্মাণ করে রাসায়নিক পদার্থ পরিবহন ও গুদামজাত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস যশোর কার্যালয়ের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুন্ডু বলেন, রাসায়নিক বা দাহ্য কোনো পদার্থ রাখার জন্য গুদাম করতে হলে ফায়ার সার্ভিসের অনুমোদন নিতে হয়। সেখানে অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা থাকতে হয়। কিন্তু যে গুদামে আগুন লেগেছে, সেই গুদাম স্থাপনের জন্য সরকারের অনুমোদন নেওয়া হয়নি।
যমুনা ট্রান্সপোর্টের ব্যবস্থাপক রেজাউল করিম দাবি করেন, আগুন নিয়ন্ত্রণে আনার মধ্যেই গুদামে থাকা প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।