যশোরে ট্রেনের ধাক্কায় দুই স্কুলছাত্রী নিহত
যশোরের ঝিকরগাছা উপজেলায় একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনচালিত নছিমনে থাকা দুই স্কুলছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয় স্কুলছাত্রী। আজ বৃহস্পতিবার বেলা একটার পর এ দুর্ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘উপজেলার নাভারণবাজার-সংলগ্ন রেলক্রসিংয়ে কোনো নিরাপত্তা গেট না থাকায় সেখানে দুর্ঘটনাটি ঘটেছে। নছিমনের চালক পালিয়ে গেছেন।’
নিহত ও আহত সবাই শার্শা উপজেলার বুরুজবাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহত হওয়া দুই স্কুলছাত্রী হলো হাবিবা খাতুন (১৩) ও মহুয়া (১২)। তারা দুজনেই সপ্তম শ্রেণিতে পড়ত। হাবিবার বাড়ি ঝিকরগাছা উপজেলার গুলনগর গ্রাম। বাবা হবিবর রহমান। মহুয়ার বাড়ি একই উপজেলার করিম আলী গ্রামে। বাবা শাহজাহান।
আহত ছাত্রীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম বলেছেন, আজ বেলা একটার সময় স্কুল ছুটি হয়। এরপর স্কুলের ১২ জন ছাত্রী ইঞ্জিনচালিত একটি নছিমনে করে বাড়ি ফিরছিল। পথে এ দুর্ঘটনা ঘটে।