যশোরে তরুণ খুন, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের বেজপাড়া কবরস্থান এলাকায় শামীম হোসেন (২৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শামীম ওই এলাকার লুৎফর রহমানের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গচন (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে কয়েকজন দুর্বৃত্ত শামীমকে কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন শামীমকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন লাশ নিয়ে গতকাল শহরে মিছিল করেছে। মিছিল থেকে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। এ ঘটনায় নিহতের ভাই শফিকুর রহমান গতকাল কোতোয়ালি থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন।গতকাল দুপুরে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় এলাকা থেকে পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি গচনকে গ্রেপ্তার করে। তিনি বেজপাড়া গোলগোল্লার মোড় এলাকার আমির হোসেনের ছেলে। পুলিশের ভাষ্য মতে, মঙ্গলবার বিকেলে বেজপাড়া এলাকার এক তরুণী এক যুবকের সঙ্গে বেড়াতে যান। এ কারণে শামীম হোসেন মেয়েটিকে গালমন্দ করেন। একপর্যায়ে শামীম যুবকটিকেও হুমকি দেন। এ ঘটনার জের ধরে ওই তরুণী স্থানীয় কয়েকজন যুবককে দিয়ে শামীমের ওপর হামলা চালিয়ে প্রতিশোধ নেন। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, তদন্তে জানা গেছে, মেয়েলি ঘটনার জেরে শামীম খুন হয়েছেন। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।