যশোরে তিন পুলিশ সদস্য এসিড সন্ত্রাসের শিকার
যশোর কোতোয়ালি থানার পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন পুলিশ সদস্য এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। গত রোববার রাতে যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ার ২ নম্বর কলোনিতে এক ব্যক্তিকে আটক করতে গিয়ে এ ঘটনা ঘটে। এসিডদগ্ধ ব্যক্তিরা হলেন থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান ও তোফায়েল আহম্মেদ এবং কনস্টেবল আলিমুজ্জামান। তাঁদের যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, তাবলিগ জামাতের একটি দল সম্প্রতি শহরের পূর্ব বারান্দিপাড়া এলাকার জামে মসজিদে আসে। ওই দলে রাশিয়া ও কাজাখস্থানসহ কয়েকটি দেশের মুসল্লিরা রয়েছেন। পূর্ব বারান্দিপাড়ার তৈবুর কবির নামের এক ব্যক্তি মুসল্লিদের মধ্যে দুজনকে রোববার সন্ধ্যায় লাঞ্ছিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে তৈবুর একটি ঘরে গিয়ে আশ্রয় নেন। এ সময় পুলিশ সদস্যরা তাঁকে বেরিয়ে আসতে বললে তাঁদের লক্ষ্য করে এসিড ছুড়ে মারেন তিনি। পরে পুলিশের অন্য সদস্যরা তৈবুরকে আটক করে থানায় নিয়ে যান। যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মনির হাসান জানান, আহত ব্যক্তিদের মধ্যে একজনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি দুজনের মুখমণ্ডল কিছুটা ঝলসে গেছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ছুড়ে মারা এসিড ততটা শক্তিশালী নয়। এ কারণে ঝলসানোর মাত্রা গুরুতর হয়নি।