যশোরে তিন সড়ক অবরোধ, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে বাসের এক যাত্রীকে মারধরের ঘটনার জের ধরে পরিবহনশ্রমিকেরা ব্যস্ততম যশোর-বেনাপোল, যশোর-সাতক্ষীরা ও যশোর-ঝিনাইদহ সড়কে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করেছেন।পরিবহন শ্রমিকেরা শহরতলির চাঁচড়া মোড়সহ বিভিন্ন স্থানে সড়কের ওপর আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করেন। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার বিকেলে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে ভাড়া আদায় করা নিয়ে ঝিকরগাছা উপজেলার গদখালী মাঠপাড়া গ্রামের বাসিন্দা হাসান আলী নামের এক যাত্রীর সঙ্গে পরিবহনশ্রমিকদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকেরা হাসান আলী ও তাঁর স্ত্রীকে মারধর করেন। বিষয়টি মীমাংসার জন্য গতকাল সকাল ১০টায় টার্মিনালে সালিস বসার কথা ছিল। কিন্তু সালিসে বসার আগেই হাসান আলী কিছু লোকজন নিয়ে বাস টার্মিনালে গিয়ে কাউন্টার ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলা করেন। এ ঘটনার পর পরিবহনশ্রমিকেরা যশোর থেকে তিনটি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সহসভাপতি আবদুর রহিম বলেন, এক যাত্রী টার্মিনালে দালালের খপ্পরে পড়ে লাঞ্ছিত হন। দুপুর একটার দিকে শ্রমিকনেতাদের বৈঠক থেকে বিষয়টির মীমাংসা হয়েছে। এর পরপরই শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছেন।