যশোরে দরপত্র জমা দিতে সন্ত্রাসীদের বাধা
যশোরে সন্ত্রাসীদের বাধার মুখে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রায় ৫০ লাখ টাকার সড়ক রক্ষণাবেক্ষণের কাজে দরপত্র জমাদান দুই ঘণ্টা বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সন্ত্রাসীরা সাধারণ ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে এলজিইডি ভবন থেকে দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার মো. রিপন (২৯) ও পুরাতন কসবা কদমতলা এলাকার মামুনুর রহমান (৩০)। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মুসা প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিরা কোনো এক ঠিকাদারের পক্ষে দরপত্র জমা দেওয়ার জন্য সকালে এলজিইডি ভবনে যান। সেখানে তাঁরা দরপত্র জমা না দেওয়ার জন্য সাধারণ ঠিকাদারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন। নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার প্রথম আলোকে বলেন, সকাল ১০টা থেকে সন্ত্রাসীরা এলজিইডি ভবনের ভেতরে ঢুকে দরপত্র জমার বাক্স দখলে নেয়। দরপত্র জমা দেওয়া যাবে না বলে তারা শাসাতে থাকে। ভয়ে অনেকে দরপত্র জমা না দিয়ে চলেও যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সাড়ে ১২টার দিকে দরপত্র জমা দেওয়া আবার শুরু হয়। এলজিইডি যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, যশোরের ছোট ছোট সড়ক রক্ষণাবেক্ষণ এবং সড়কের পাশে নর্দমা ও কালভার্ট নির্মাণকাজের জন্য নয়টি গ্রুপে (দল) অন্তত ৫০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। গতকাল সোমবার দুপুর একটা পর্যন্ত ছিল দরপত্র জমা দেওয়ার সময়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী মিজানুর রহমান বলেন, ‘এলজিইডি ক্যাম্পাসের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। বাইরে ঘটলে ঘটতে পারে।’