যশোরে দরপত্র জমা দেওয়ার পর যুবলীগ নেতা জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যশোর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন (৪০) গুরুতর জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় যশোর শহরের শেখ মুজিব সড়কে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) কার্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, ইইডি যশোর কার্যালয়ের অধীনে জেলায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও সংস্কারকাজের ১৫টি গ্রুপের এক কোটি ৭৩ লাখ টাকা ও ফার্নিচার ক্রয়সংক্রান্ত পাঁচ গ্রুপ কাজের জন্য ১০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছিল। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার দিন। দুপুর সাড়ে ১২টার দিকে যুবলীগ নেতা কামাল পাঁচ গ্রুপের কাজের পাঁচটি দরপত্র জমা দিয়ে ইইডি ভবন থেকে বের হন। ভবনের সামনের রাস্তায় আসামাত্র পাঁচ ছয়জন সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। লোকজন দ্রুত কামালকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট আবদুর রহিম মোড়ল জানান, কামালের বাঁ হাতে দুটি ও পিঠে দুটি কোপ দেওয়া হয়েছে। অস্ত্রোপচার করা হয়েছে। আজ বুধবার তাঁর বুকে একটি এক্স-রে করা হবে। এর পর বোঝা যাবে তাঁর অবস্থা আশঙ্কাজনক কি না। কামালের বাড়ি শহরের ঘোপ এলাকায়। তাঁর ভাই নাসিম রেজা জানান, কামালের ওপর হামলার ঘটনায় তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, ‘শহরের ষষ্ঠিতলাপাড়া এলাকার বিষু, সজল আতিকসহ পাঁচ-ছয়জন কামালকে দা দিয়ে কুপিয়েছে বলে জানতে পেরেছি। অভিযুক্ত হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’