যশোরে দরপত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আলু বীজ দপ্তর যশোরে নয় লাখ টাকার দরপত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন ছুরিকাহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর এলাকার আলু বীজ দপ্তরের সামনে এ ঘটনা ঘটে।গুরুতর আহতদের মধ্যে যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া এলাকার বাসিন্দা ও ঠিকাদারি প্রতিষ্ঠান ভৈরব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বদি-উজ-জামানকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে শহরের বকচর এলাকার শাহিন আলম (৩০) ও মোল্লাপাড়ার সেতুকে (২৬) যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলু বীজ দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় নয় লাখ ৩০ হাজার টাকার অবিক্রীত বীজ আলু বিক্রির জন্য গত ২৩ জানুয়ারি পুনঃ দরপত্র আহ্বান করা হয়। এ সময় ২৯টি শিডিউল বিক্রি হয়। গত বুধবার দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। এ জন্য যশোর জেলা প্রশাসকের কার্যালয় ও আলু বীজ দপ্তর এবং ঢাকা কৃষি ভবনের আলু বীজ বিভাগে তিনটি বক্স রাখা হয়।বেলা তিনটার দিকে দরপত্রের বক্স খুলে দেখা যায়, যশোরের আলু বীজ দপ্তরে রাখা বক্সে শুধু মাকসুদুর রহমান নামের এক ব্যক্তির দরপত্র জমা পড়েছে। অন্য দুই জায়গার বক্সে কোনো দরপত্র জমা পড়েনি।গতকাল যশোরের আলু বীজ দপ্তরে দরপত্র মূল্যায়ন কমিটির বৈঠক ছিল। বৈঠকের আগে দপ্তরের উপপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জানান, আলু বীজের একটি দরপত্র (ভৈরব এন্টারপ্রাইজের) ভুলবশত জেলা প্রশাসকের কার্যালয়ে রাখা ধান-সংক্রান্ত দরপত্রের বক্সে জমা দেওয়া হয়েছে। দরপত্রটি ওই কার্যালয়ে আলু বীজ-সংক্রান্ত দরপত্রের বক্সে রাখার কথা ছিল। এদিকে ভুলবশত অন্য বক্সে দরপত্র রাখার বিষয়টি সুরাহা করতে গতকাল দুপুরে ভৈরব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বদি-উজ-জামান ও শাহিন আলমসহ কয়েকজন আলু বীজ দপ্তরে যান। সেখানে মাকসুদুরের লোকজনও ছিলেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁরা বাইরে আসার সঙ্গে সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরিকাঘাতে তিনজন জখম হন। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে আলু বীজ দপ্তরের উপপরিচালক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, গতকাল উভয় পক্ষ উপস্থিত হলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তারা কার্যালয়ের বাইরে চলে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি শাহিন আলম প্রথম আলোকে বলেন, ‘মাকসুদুরের লোক যুবলীগের নেতা জাকির হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালিয়েছে।’ অভিযোগ অস্বীকার করে যশোর সদর উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক জাকির হোসেন বলেন, ‘মাকসুদুর রহমানের লাইসেন্সে আমরা নিয়মতান্ত্রিকভাবে দরপত্র জমা দিয়েছি। কিন্তু প্রতিপক্ষের লোকজন মাস্তান বাহিনী নিয়ে আমাদের ওপর চড়াও হয়। তারা আমাদের ভাগনে সেতুকে ছুরি মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের মারধর করে। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘মারামারির কথা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’