যশোরে দালাল চক্রের কাছে জিম্মি পাসপোর্ট-প্রত্যাশীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর আঞ্চলিক কার্যালয়ে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ দালাল চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে। এই চক্রের সদস্যদের সঙ্গে পাসপোর্ট কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী জড়িত বলে অভিযোগ রয়েছে।

পাসপোর্ট কার্যালয় ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, জরুরি প্রয়োজনে ছয় হাজার ১০ ও স্বাভাবিক প্রয়োজনে তিন হাজার পাঁচ টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিলে নির্দিষ্ট সময়ে পাসপোর্ট দেওয়ার কথা। কিন্তু নিজে পাসপোর্ট করাতে গেলে অনেক হয়রানি ও ঝক্কিঝামেলা পোহাতে হয়। এসব এড়াতে বাধ্য হয়ে অনেকে দালাল চক্রের দ্বারস্থ হন। এ জন্য প্রতি পাসপোর্টে দুই থেকে আড়াই হাজার টাকা দালালদের অতিরিক্ত দিতে হচ্ছে।

সূত্র জানায়, কোনো ঝামেলা ছাড়াই পাসপোর্ট করার জন্য পাসপোর্ট কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীকে প্রতি পাসপোর্টে ৯০০ টাকা দিতে হয়। তদন্ত প্রতিবেদনের জন্য ৩০০ থেকে ৪০০ টাকা দিতে হয় পুলিশকে। বাকি টাকা যায় দালালের পকেটে। এ ছাড়া লাইনে না দাঁড়িয়ে আগে ফরম নেওয়ার জন্য জনপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা করে দিতে হয়।

সম্প্রতি এক সকালে পাসপোর্ট কার্যালয়ের প্রধান ফটকে গিয়ে দাঁড়াতেই তিন ব্যক্তি দৌড়ে এসে বলেন, ‘ভাই, পাসপোর্ট করবেন। আপনার কোনো ঝামেলা নেই। সব দায়িত্ব আমাদের। আপনি শুধু ছবি তোলার দিন অফিসে এসে ছবি তুলে যাবেন। আপনার আর কোনো কাজ নেই। এক মাসের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন। সাধারণ পাসপোর্ট করতে পাঁচ হাজার আর জরুরি হলে সাড়ে সাত হাজার টাকা দেবেন।’

টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক রাজ আহমেদ বলেন, ‘দালালরা সুবিধা না পেয়ে এখন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ দেওয়ার অভিযোগ তুলছে। যত দালাল ছিল, তার ৮০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। বাকি ২০ শতাংশ অফিসের অন্য কারও সঙ্গে লেনদেন করলেও করতে পারে। আমার সঙ্গে কারও কোনো লেনদেন নেই।’

যশোরের পুলিশ সুপার (এসপি) জয়দেব ভদ্র জানান, পাসপোর্ট করানোর কাজে ওই কার্যালয়ের আশপাশে একটি চিহ্নিত দালাল চক্র রয়েছে। তদন্ত প্রতিবেদন দিতে পুলিশের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি আরও জানান, এ বিষয়ে কেউ কখনো অভিযোগ করেননি। পাসপোর্ট কার্যালয় এলাকায় প্রায়ই অভিযান চালিয়ে দালালদের গ্রেপ্তার করা হলেও তারা আদালতের মাধ্যমে সহজেই ছাড়া পেয়ে যায়।