যশোরে দুই খুনের ঘটনায় মামলা আসামির স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে এক রাতে শ্রমিক লীগের কর্মী বিল্লাল হোসেন (১৯) ও যুবলীগের কর্মী জামাল হোসেনকে (২৬) কুপিয়ে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। শহরের কোতোয়ালি থানায় গতকাল শনিবার এ মামলা হয়। পুলিশ জানায়, বিল্লাল হোসেনের বাবা চান্দু মিয়া বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। শহরের ঘোপ বেলতলা এলাকার বিপ্লব নামের এক যুবককে এ মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এজাহারে তাঁর নাম ছিল। জামাল হোসেনের বাবা আবদুস সামাদ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। শহরের পুরাতন কসবা এলাকার বিমান অফিস মোড়ে জামাল হোসেনকে ও উপশহর পার্কে বিল্লাল হোসেনকে দুর্বৃত্তরা গত শুক্রবার সন্ধ্যায় এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। হাসপাতালে নেওয়ার পথে ওই দুজনের মৃত্যু হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বলেন, বিল্লাল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বিপ্লবকে ঘটনার রাতেই আটক করা হয়। যশোরের বিচারিক হাকিমের আদালতে তিনি ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জামাল হত্যায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি।