যশোরে দুই দিনে তিনজন খুন
যশোর সদর ও চৌগাছা উপজেলায় শুক্রবার ও গতকাল শনিবার তিনজন খুন হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদরের হাসানহাটের শামসুল ইসলামের স্ত্রী রশিদা পারভীন (২৫), সাতক্ষীরার আশাশুনি উপজেলার মনিপুর গ্রামের আক্কাস সরদারের ছেলে ওলিয়ার রহমান (৪০) ও যশোর সদরের বসুন্দিয়ার খাঁপাড়ার আবদুল গনি (৫০)।কোতোয়ালি থানার পুলিশ জানায়, গতকাল সকালে সদর উপজেলার বসুন্দিয়া গ্রামে জমি নিয়ে ঝগড়ার জের ধরে সৎ ভাইয়ের লাঠির আঘাতে ভাই আবদুল গনি (৫০) গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর আগে শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার হাসানহাটি গ্রামের আলিম ফকির ও রশিদা পারভীন নাম পরিচয়ে যশোর শহরের পারভীনা হোটেলে ওঠেন। রাত ১০টার দিকে হোটেলের এক কর্মচারী কক্ষে পারভীনের মৃতদেহ দেখতে পান। এদিকে শুক্রবার রাতে ছুরিকাঘাতে চৌগাছার সিংহঝুলি গ্রামের চাতালের শ্রমিক ওলিয়ার রহমান খুন হয়েছেন।