যশোরে দুই দিনের নাট্যোৎসব শুরু
সামাজিক অসংগতির বিরুদ্ধে নাটক—এই স্লোগানে পথচলার ২৫ বছর উদ্যাপন উপলক্ষে বিবর্তন যশোরের দুই দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে।
গতকাল শুক্রবার যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে উৎসবের উদ্বোধন করা হয়।
বিকেল সাড়ে পাঁচটায় উৎসবের উদ্বোধন করেন বিবর্তনের অন্যতম প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল। সংগঠনের সভাপতি সানোয়ার আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি হারুন-অর-রশীদ।
গতকাল প্রথম দিনে বিবর্তনের প্রযোজনায় রওশন আলী মঞ্চে তিনটি নাটক মঞ্চস্থ হয়। এগুলো হলো বিমল বন্দ্যোপাধ্যায়ের রচনা ও পলাশ তরফদারের নির্দেশনায় সত্যম শিবম সুন্দরম, মাইকেল মধুসূদন দত্তের রচনা ও মৃণ্ময় চক্রবর্ত্তীর নির্দেশনায় বুড়ো শালিকের ঘাড়ে রোঁ এবং কাজী চপলের কাহিনি সংগ্রহের নাট্যরূপে ও বৈদ্যনাথ অধিকারীর নির্দেশনায় পাইচো চোরের কেচ্ছা। আজ শনিবার একই মঞ্চে চারটি নাটক মঞ্চস্থ হবে।