যশোরে দুই পক্ষের গুলিবিনিময়ের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের কাজিপাড়া কাঁঠালতলা এলাকায় গত মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় ও বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাহাবুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।মামলায় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন, শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুবলীগের কর্মী সোহেল, তপন, শফিসহ অজ্ঞাত পরিচয়ের ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ১৩ মে যুবলীগের কর্মী মিঠুর দুলাভাই মামুনকে মারধর করে যুবলীগেরই অপর কর্মী শফি। এ ঘটনায় মামুনের স্ত্রী শামছুন্নাহার বাদী হয়ে ওই দিনই মামলা করেন। এর জের ধরে মঙ্গলবার লিচুতলা এলাকায় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এ ছাড়া বোমা বিস্ফোরণও ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপর বোমা ছোড়ে। এতে পুলিশের একজন সদস্য আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়ে তা অন্তত ১৫ মিনিট স্থায়ী হয়। এ সময় প্রায় ২৫টি গুলির শব্দ শোনা যায়। এ ছাড়া বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। একপর্যায়ে সেলিম মোল্লা নামের একজন হোটেলকর্মী গুলিবিদ্ধ হন। তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমার স্প্লিন্টারের আঘাতে পুলিশের শহর উপপরিদর্শক সাব্বিরুল আলম আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নেন।পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন কাজিপাড়ার লিচুবাগান এলাকার যুবলীগের কর্মী জিল্লুর রহমান, কোরবান আলী, খলিলুর রহমান ও সাইদুল ইসলাম।এ ব্যাপারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার বলেন, ঘটনায় যুবলীগ বা ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত থাকলেও এতে কোনো রাজনৈতিক বিষয় নেই।পুলিশ সুপার দিদার আহম্মেদ জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।