যশোরে দুই শিশু খুনের ঘটনায় দুজন আটক
যশোরের মনিরামপুর উপজেলায় নৃশংসভাবে খুন হওয়া শিশু শারমিন ও কবিরের দাফন সম্পন্ন হয়েছে। নিরপরাধ ওই দুই শিশু হত্যার ঘটনায় থানায় মামলা হওয়ার পর পুলিশ গতকাল সোমবার দুজনকে আটক করেছে।হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক হওয়া দুই নারী হলেন: উপজেলার বাটবিলা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম ও মা আফিফা বেগম।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাটবিলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনা কেন্দ্র করে রোববার এক পক্ষের সিরাজুল ইসলাম প্রতিপক্ষের জমিরের মেয়ে শারমিন (১৫) ও জমিরের ছেলে কবিরকে (১২) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। নিহত শারমিন ও কবির উভয়েই দুর্বাডাঙ্গা বাটবিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল। ঘটনার সময় তারা মাদ্রাসা থেকে বাড়িতে ফিরছিল। ওই খুনের ঘটনায় রোববার রাতে যশোরের মনিরামপুর থানায় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন নিহত কবিরের বাবা জমির সরদার। যশোর জেলার সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের পর থেকে সিরাজুল ইসলাম, তাঁর বাবা মোমিন সরদার, চাচা আমিন সরদারসহ অন্যরা পলাতক রয়েছেন। তাঁদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে ময়নাতদন্তের জন্য ওই দুই শিশুর লাশ গতকাল সকালে যশোরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে লাশ উপজেলার বাটবিলা গ্রামে নিজ বাড়িতে নেওয়া হলে তাদের শেষবারের মতো দেখতে জনতার ঢল নামে। পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।