যশোরে পৃথক স্থান থেকে গত শুক্রবার রাতে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির দুই ঘটনায় তাঁরা নিহত হয়েছেন।
তবে একজনের পরিবারের অভিযোগ, তাঁকে এক দিন আগেই আটক করে নিয়ে গিয়েছিল পুলিশ। অপর ঘটনায় স্থানীয় কয়েকজন বলেন, তাঁরা গোলাগুলির কোনো শব্দ শোনেননি।
নিহত ব্যক্তিরা হলেন যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার আব্বাস গাজীর ছেলে হাবিব গাজী (২৬) ও খুলনার ফুলতলা উপজেলার গারাখোলা গ্রামের আবদুর রশিদ বিশ্বাসের ছেলে আজিম বিশ্বাস (৩২)। ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল কান্তি মল্লিক সাংবাদিকদের জানান, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে শুক্রবার রাতে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তবে হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার পুলিশ বলেছে, শুক্রবার রাত দুইটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি এলাকায় সন্ত্রাসীদের দুপক্ষের গোলাগুলিতে হাবিব গুলিবিদ্ধ হন। পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। তখন জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে গতকাল বেলা দুইটার দিকে স্বজনদের কাছে হাবিবের লাশ হস্তান্তর করা হয়েছে। এ সময় ওই হাসপাতালের মর্গের সামনে হাবিবের ভাই আসাদ গাজী প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে খোলাডাঙ্গা এলাকার হাসানের বাড়ি থেকে হাবিবসহ পাঁচজনকে পুলিশ আটক করে নিয়ে যায়। চারজনকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়। আর হাবিবকে পুলিশের গাড়িতে করে অজানা স্থানে নিয়ে যাওয়া হয়। রাতেই থানায় গিয়ে হাবিবের খোঁজ করা হলে পুলিশ তাঁকে আটক করেনি বলে জানায়। এক দিন পর (গতকাল সকালে) টেলিভিশনের খবর দেখে হাসপাতালে গিয়ে তাঁর লাশ পাওয়া যায়। আসাদ গাজী অভিযোগ করেন, পুলিশ ধরে নিয়ে গিয়ে হাবিবকে হত্যা করেছে।
অভিযোগ অস্বীকার করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, খোলাডাঙ্গা এলাকার হাসানের বাড়ি থেকে কাউকে আটক করা হয়নি। বরং ওই রাতে সন্ত্রাসী হাসানের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছিল। এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। আর নিহত হাবিব এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, ডাকাতি ও মারামারির অভিযোগে নয়টি মামলা রয়েছে।
অপর ঘটনার ব্যাপারে পুলিশ বলেছে, শুক্রবার রাত দুইটার দিকে আরেকটি গোলাগুলির ঘটনার পর যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম-সংলগ্ন জিমনেশিয়ামের ফটকের সামনে থেকে উদ্ধার করা হয় আজিমের লাশ। আজিমের বিরুদ্ধে খুলনার ফুলতলা থানায় ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে।
গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জিমনেশিয়ামে সংস্কারকাজ চলছে। যেখান থেকে আজিমের লাশ উদ্ধার করা হয়, সেখানে ছোপ ছোপ রক্তের দাগ। কয়েকজন কর্মী জানান, শুক্রবার রাতে স্থানটি থেকে ১০ গজ দূরে একটি কক্ষে তাঁরা ঘুমিয়ে ছিলেন। কোনো গোলাগুলির শব্দ শোনেননি। ঘুম থেকে উঠে দেখেন রাস্তায় রক্তের দাগ। পরে শোনেন, রাতে এখান থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।